ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকদের কেন ফর্ম-৬ পূরণ করতে বলা হচ্ছে, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ফর্ম-৮ পূরণ করার নিয়ম থাকলেও দিল্লিতে ভোটার তালিকা থেকে বাদ পড়া লক্ষ লক্ষ নাগরিককে ফর্ম-৬ জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়ায় নাগরিকদের ভুল তথ্য দিয়ে আবেদন করতে বাধ্য করা হচ্ছে বলে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে প্রশান্ত ভূষণ জানান, দিল্লিতে ভোটার তালিকা থেকে প্রায় ৪৭ লক্ষ নাম বাদ পড়েছে বলে অভিযোগ।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে প্রায় ৪৩ লক্ষ নাগরিকের নাম অনুপস্থিত থাকা অথবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ঠিকানা পরিবর্তনের জন্য প্রযোজ্য ফর্ম-৮ পূরণের পরিবর্তে তাঁদের ফর্ম-৬ জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।আরও পড়ুন:
ফর্ম-৬ মূলত নতুন ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম তোলার আবেদনের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, ভোটার তালিকায় আগে থেকেই নাম রয়েছে, এমন কোনও ব্যক্তির ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ফর্ম-৮ প্রযোজ্য।
ফলে আগে ভোটার থাকা কোনও নাগরিককে ফর্ম-৬ পূরণ করতে বলা হলে তাঁকে নিজের সম্পর্কে ভুল তথ্য দিতে হতে পারে বলে আদালতে যুক্তি দেন প্রশান্ত ভূষণ। তাঁর বক্তব্য, এভাবে আবেদন করলে সংশ্লিষ্ট নাগরিক আইনি জটিলতার মুখেও পড়তে পারেন।আরও পড়ুন:
বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যেও নাম বাদ পড়া নাগরিকদের ফর্ম-৬ পূরণ করতে বলা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই প্রক্রিয়া নিয়েই এবার দিল্লির পরিস্থিতি সুপ্রিম কোর্টে তুলে ধরেন প্রশান্ত ভূষণ।
আরও পড়ুন:
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে নির্বাচন কমিশনের আইনজীবী ডি শেষাদ্রি নাইডু জানান, সমস্যাটি খতিয়ে দেখে সমাধানের ব্যবস্থা করা হবে।