উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : প্রেমের সম্পর্কের সূত্রে এক গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে ধারণ করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। গৃহবধূকে ব্ল্যাকমেল করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। বুধবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কুলতলি থানার অন্তর্গত গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার। অভিযোগ, এলাকার এক ব্যক্তির সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিল।

সেই সম্পর্কের সুযোগ নিয়ে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও অভিযুক্ত নিজের মোবাইলে গোপনে ধারণ করে রেখেছিল বলে অভিযোগ।পরবর্তীকালে ওই গৃহবধূ অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ, সম্পর্ক বজায় রাখার জন্য ওই গৃহবধূর উপর চাপ সৃষ্টি করতে থাকে অভিযুক্ত। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হচ্ছিল বলেও অভিযোগ।এরপর বাধ্য হয়ে কুলতলি থানার দ্বারস্থ হন ওই গৃহবধূ।
অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে কুলতলি থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।