পুবের কলম, বেঙ্গালুরু: কর্নাটকের বিধান পরিষদ উপনির্বাচনে শাসকদল কংগ্রেসকে শূন্য হাতে ফিরিয়ে বড়সড় জয় ছিনিয়ে নিল বিজেপি ও জনতা দল (সেকুলার) জোট। চারটি আসনের চারটিতেই জয়লাভ করে ক্ষমতাসীন কংগ্রেস শিবিরকে বড়সড় ধাক্কা দিয়েছে বিরোধী জোট। কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি বি কে হরিপ্রসাদ দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল দলের প্রথম বড় কোনো নির্বাচনী পরীক্ষা। তবে শাসকদলকে ধাক্কা দিয়ে বিজেপি তিনটি এবং মিত্রদল জেডি(এস) একটি আসনে জয় সুনিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর কড়া নিরাপত্তার মধ্যে চারটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, দক্ষিণ-পূর্ব গ্র্যাজুয়েট আসনে বিজেপির কে এম সুরেশ হারিয়েছেন কংগ্রেস প্রার্থী শশী হুলিকুন্টে মঠকে। উত্তর-পূর্ব শিক্ষক আসনে বিজেপির বিদায়ী এমএলসি শশিল জি নামোশি পরাজিত করেছেন কংগ্রেসের শরণাপ্পা মাত্তুরকে। পশ্চিম গ্র্যাজুয়েট আসনে বিজেপির এস ভি সংকানুর জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মোহন লিম্বিকাইয়ের বিরুদ্ধে।

বেঙ্গালুরু শিক্ষক আসনে জেডি(এস) প্রার্থী এ পি রঙ্গনাথ এক বড় চমক দিয়ে পাঁচবারের জয়ী কংগ্রেস নেতা পুত্তন্নাকে পরাজিত করেছেন।

এই ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি এমএলসি লিঙ্গরাজ পাতিল বলেন, রাজ্য সরকারের ওপর সাধারণ মানুষের তীব্র ক্ষোভের ফলেই কংগ্রেসের এই শোচনীয় পরাজয় ঘটেছে। রাজ্যে দুর্নীতি, অনিয়ম, এবং দেওয়া প্রতিশ্রুতি পূরণে কংগ্রেস সরকারের ব্যর্থতাই এই হারের মূল কারণ। পাশাপাশি শাসকদলের অভ্যন্তরীণ তীব্র অন্তর্দ্বন্দ্বও বিজেপির জয়কে সহজ করেছে বলে তিনি দাবি করেন।