পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে ভারতে থাকার পর এবার বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবল জনরোষের জেরে দেশ ছাড়তে বাধ্য হলেও, তাঁর স্পষ্ট বার্তা, "আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাব। আমি ভয় পাই না। আমার দেশে ফেরাটা আমার দায়িত্ব।" তবে দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের বিশেষ তদন্তকারীদের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।
হাসিনার অভিযোগ, বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় এসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তিনি জানিয়েছেন, পূর্বতন অন্তর্বর্তী সরকার আওয়ামি লিগের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, বর্তমান সরকার তাতে সিলমোহর দিয়ে তা বহাল রেখেছে। এর ফলে দেশের একটি বড় অংশের ভোটার নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থেকে গিয়েছেন, যা সম্পূর্ণ সংবিধান বিরোধী।
পাশাপাশি, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে গিয়ে আওয়ামি লিগ সমর্থকদের বারবার হামলার শিকার হতে হচ্ছে বলেও রাষ্ট্রসংঘকে জানিয়েছেন মুজিব-কন্যা। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের বিশেষ তদন্তকারীদের জরুরি পদক্ষেপ এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে এমনিতেই স্নায়ুযুদ্ধ চলছে। ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার ভারত সফরে আসেনি। এই আবহে ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার বার্তা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।