বিপুল শঙ্কর বসু, রায়গঞ্জ: পুজোর ছুটি ফুরোতেই উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করতে বড় পদক্ষেপ নিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ । জেলার যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছে এবং যেগুলিতে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেই ভারসাম্য বজায় রাখতে এবার শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। সম্পূর্ণ আবেদনভিত্তিক এই বদলির কথা জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সুব্রত সরকার।
উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,৪৬৭টি এবং শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৬,৯২০ জন।
উল্লেখ্য, এর আগে উদ্বৃত্ত শিক্ষক পুনর্বিন্যাসের জন্য একটি রূপরেখা জারি করা হলেও তার আইনি বৈধতা নিয়ে একাংশ শিক্ষক হাইকোর্টে মামলা করায় এবং পরবর্তীতে শিক্ষা দপ্তর নির্দেশিকাটি প্রত্যাহার করে নেওয়ায় প্রক্রিয়াটি থমকে গিয়েছিল। সেই আইনি জটিলতা কাটিয়ে এবার নতুন চেয়ারম্যান সুব্রত সরকারের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাদের ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, বহু স্কুলে শিক্ষক কম থাকায় স্বাভাবিক পঠন-পাঠনে মারাত্মক সমস্যা হচ্ছে। এই সংকট কাটাতে শিক্ষকদের আবেদনপত্র খতিয়ে দেখে বদলির পরবর্তী পদক্ষেপ করা হবে।