পুবের কলম ওয়েবডেস্ক, অপারেশন সিঁদুরের পর প্রথমবার পাকিস্তানের এক মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানাল নয়াদিল্লি। আগামী ২০ ও ২১ নভেম্বর দিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সভ্যতাগত সংলাপ মঞ্চে যোগ দিতে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।


২০২৫ সালের মে মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল। তার পর এই প্রথম পাকিস্তানের কোনও শীর্ষস্থানীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত।

এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গোয়ায় এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন।


এসসিও-র সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানানো আয়োজক দেশের দায়িত্ব। সেই কারণেই পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। আগামী বছর এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজক পাকিস্তান।


২০২৫ সালের সেপ্টেম্বরে চিনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভ্যতাগত সংলাপের প্রস্তাব দিয়েছিলেন। গত ২০ অক্টোবর তাজিকিস্তানের দুশানবেতে এসসিও-র সরকারপ্রধানদের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতে এই আয়োজনের কথা ঘোষণা করেন। ইউরেশিয়ার দেশগুলির মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও অভিন্ন ঐতিহ্য তুলে ধরাই এর লক্ষ্য।


২০১৬ সালের পাঠানকোট ও উরি হামলার পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত স্থবির। তবে এসসিও-র মতো বহুপাক্ষিক মঞ্চে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হচ্ছে। ২০২৪ সালের অক্টোবরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইসলামাবাদে এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন।