পুবের কলম ওয়েব ডেস্ক: ওয়ার্ড পুনর্বিন্যাস ও ভোটার তালিকা সংশোধনের কারণে পিছিয়ে যেতে পারে কলকাতা ও হাওড়ার পুরভোট। মঙ্গলবার নির্বাচনী আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন, আদালত হস্তক্ষেপ না করলে নভেম্বরের পরিবর্তে আগামী ২০ ডিসেম্বর এই ভোট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং পুরসভাতেও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে।
প্রাথমিকভাবে রাজ্য নির্বাচন কমিশন ২৮ বা ২৯ নভেম্বর পুরভোট করার জন্য নবান্নে সুপারিশ করেছিল।

কিন্তু ওয়ার্ড পুনর্বিন্যাস এবং প্রায় ১০০টি বুথে ভোটগ্রহণ কেন্দ্র স্থানান্তরের কাজ এখনও চূড়ান্ত না হওয়ায় এই বিলম্ব। এসআইআর-এর বিশেষ সংশোধনের জেরে ১ নভেম্বর পর্যন্ত যে তালিকা তৈরি হবে, তার ভিত্তিতেই ডিসেম্বরে ভোটগ্রহণ হবে। মঙ্গলবার আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে খসড়া ভোটার তালিকা ও পুনর্বিন্যাস হওয়া ভোটগ্রহণ কেন্দ্রগুলি নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজনৈতিক দলগুলিকে আগামী ২ নভেম্বরের মধ্যে তাঁদের আপত্তি জানাতে হবে এবং ৪-৫ তারিখে তার শুনানি হবে।
আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হতে পারে।
এদিকে সর্বদলীয় বৈঠকের পরই বিরোধীরা রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, শাসকদল বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে ওয়ার্ড ও বুথ পুনর্বিন্যাস করা হচ্ছে। তাঁদের দাবি, জনগণনা ও এসআইআর সংশোধন চলাকালীন লক্ষাধিক ভোটারের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন থাকার অবস্থায় তড়িঘড়ি ভোট করা হচ্ছে। তবে বিজেপির তরফে জানানো হয়েছে, তারা যে কোনও সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং কমিশন সবাইকে আপত্তি জানানোর জন্য পর্যাপ্ত সময় দিয়েছে।