পুবের কলম ওয়েব ডেস্ক: নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন। নন্দীগ্রাম আসন কেন ছেড়েছেন, সেই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফের ভোটে না দাঁড়ানোর পরামর্শ দেন। তাঁর কথায়, “বয়স প্রায় ৭৫। এই বয়সে আর না দাঁড়ানোই ভালো।

বিশ্রাম নেওয়ার কথা এখন।”
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন প্রয়াত মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। বুধবার বিধানসভায় হাসিরানি রথ এবং রেজিনগরের বিধায়ক শাখারভ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল।
স্পিকার রথীন্দ্র বোস তাঁদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ পর্বের পর নিজের বক্তব্যের মাঝে নন্দীগ্রাম আসন ছাড়ার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নন্দীগ্রামের মানুষ তাঁকে ভবানীপুর আসনটি ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু তাঁর যুক্তি ছিল, তিনি যদি ভবানীপুর ছাড়তেন, তাহলে যিনি তাঁর কাছে দু’বার হেরেছেন, তিনি আবারও ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন। এরপরই তিনি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন যে, এই বয়সে আর ভোটে না দাঁড়িয়ে তাঁর এখন বিশ্রাম নেওয়া উচিত।