পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের মরশুমেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বা ক্যাবিনেটের বৈঠকে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন, যা এবার ৩ শতাংশ বেড়ে ৬৩ শতাংশে দাঁড়াল। বুধবার এই বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও, চলতি বছরের জুলাই মাস থেকেই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
এআইসিপিআই-আইডব্লিউ (AICPI-IW)-এর দেওয়া মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসে সূচক ছিল ১৫১.৯, যার জেরে গত ১২ মাসের গড় সূচক দাঁড়িয়েছে ১৪৮.৬৫। সপ্তম বেতন কমিশনের নির্ধারিত সূত্র অনুযায়ী হিসাব করলে মহার্ঘ ভাতার হার দাঁড়ায় ৬৩.৭৬ শতাংশ।
যেহেতু সরকার পূর্ণ সংখ্যায় ডিএ হিসাব করে, তাই তা ৬৩ শতাংশ হিসেবেই গণ্য করা হবে। ফলে ২০২৬ সালের ১ জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই বর্ধিত মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।
নিয়ম অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে, অর্থাৎ বছরে দু’বার ১২ মাসের গড় কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়। এই ৩ শতাংশ বৃদ্ধির ফলে, যে কর্মীর বেসিক পে মাসে ১৮ হাজার টাকা, তিনি বাড়তি ৫৪০ টাকা পাবেন। একইভাবে, যাঁদের মূল বেতন ৩০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা, তাঁরা যথাক্রমে ৯০০ টাকা ও ১৫০০ টাকা হিসেবে বাড়তি মহার্ঘ ভাতা পাবেন।