পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার সকালে স্পেনের টোলেডো প্রদেশের কাছে দুই দ্রুতগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৭৯ জন যাত্রী আহত হয়েছেন বলে আধিকারিকদের তরফে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এবং গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একই রুটে চলা দুটি ট্রেনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
স্পেনের রেল পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, দুর্ঘটনার পরই মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। রেললাইন নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত এই রুটে কোনও ট্রেন চলবে না। স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসার জন্য একটি খেলার মাঠকে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, এই বছরের জানুয়ারি মাসেও দক্ষিণ স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছিল। তার আগে ২০১৩ সালে স্পেনে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৮০ জনের প্রাণহানি ঘটেছিল।