পুবের কলম ওয়েব ডেস্ক:  আন্তর্জাতিক মঞ্চে ফের একবার পাকিস্তানের সন্ত্রাসবাদের মদত দেওয়া নিয়ে সরব হতে চলেছে ভারত। ২৮ অক্টোবর থেকে প্যারিসে শুরু হতে চলা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স-এর প্লেনারি বৈঠকে পাকিস্তানকে কোণঠাসা করার প্রস্তুতি নিয়েছে নয়াদিল্লি। এই বৈঠকে রাষ্ট্রসংঘের তরফে ঘোষিত জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে ইসলামাবাদ কোনও পদক্ষেপ করেনি এবং তাকে খোলা ছাড় দেওয়ার বিষয়টি তথ্যপ্রমাণ সহ তুলে ধরবে ভারত।
ভারতের অভিযোগ, পাকিস্তানের সন্ত্রাসবিরোধী পদক্ষেপগুলি পুরোটাই লোক দেখানো।

রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি মাসুদ আজহার, যে কি না ২০০১ সালের সংসদ হামলা থেকে শুরু করে ২০১৯ সালের পুলওয়ামা-সহ একাধিক জঙ্গি হামলার মাস্টারমাইন্ড, সে এখনও পাকিস্তানেই বহাল তবিয়তে রয়েছে। অথচ ইসলামাবাদ দাবি করে আসছে তারা মাসুদকে খুঁজে পাচ্ছে না। ২০২১ সাল থেকে পাকিস্তান বলে আসছে মাসুদ আফগানিস্তানে পালিয়েছে। কিন্তু সেপ্টেম্বরে তালিবান মুখপাত্র জিয়া আহমদ থকাল প্রকাশ্যে জানান যে, এই জঙ্গি আফগানিস্তানে নেই এবং পাকিস্তান এই বিষয়ে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগও করেনি।

গোয়েন্দা সূত্রের খবর, মাসুদ আজহার আসলে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরে খোদ আইএসআই-এর নিরাপত্তায় লুকিয়ে রয়েছে। অথচ বিশ্বকে বোকা বানাতে পাকিস্তান সম্প্রতি মাসুদকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখে তার মাথার দাম ৫০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করেছে। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের এই পদক্ষেপকে সম্পূর্ণ ভাঁওতা বলে উড়িয়ে দিয়ে বলেছেন, পাকিস্তান জানে মাসুদ কোথায় আছে, মিথ্যাচার না করে তাদের উচিত তাকে গ্রেপ্তার করা। প্যারিসের এই বৈঠকে ভারতের প্রধান লক্ষ্য হবে ইসলামাবাদের এই মিথ্যাচার ফাঁস করে সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানকে পুনরায় এফএটিএফ-এর ধূসর তালিকায় ঢোকানো। উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান এই ধূসর তালিকাতেই ছিল এবং এখনও কড়া নজরদারির মধ্যেই রয়েছে।