পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির জেরা শেষে বেরোনোর সময়ই কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুর্গাপুজোর ই-পাস এবং ভিআইপি পাস দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে লালবাজার। এদিন সিজিও কমপ্লেক্সে ইডির হাজিরা শেষে তিনি বাইরে বেরোতেই আগে থেকে অপেক্ষায় থাকা পুলিশ আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করে ভ্যানে তোলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সরাসরি লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'মাস আর্ট' নামের একটি সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শো ও ভিআইপি পাস বিক্রির নামে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বউবাজার থানায় প্রতারণার এই মামলাটি রুজু হয়েছিল। পাশাপাশি, এই বিপুল আর্থিক দুর্নীতির নেপথ্যে থাকা টাকার উৎস ও গতিপথ খুঁজতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে সমান্তরালভাবে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মামলাতেই এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি।
তদন্তকারীদের দাবি, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ইন্দ্রনীল সেনের সংস্থা এক লক্ষেরও বেশি প্রিভিউ কার্ড ও ডোনার কার্ড বিপুল অঙ্কে বিক্রি করেছিল। এর মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকার ব্যবসা হয়। তবে এই বিপুল অঙ্কের টাকার কোনও অংশ আদৌ পুজো কমিটিগুলির অ্যাকাউন্টে পৌঁছেছিল কি না, তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। এই দুর্নীতির শিকড়ে পৌঁছতে এর আগে প্রাক্তন মন্ত্রীর হুগলির বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাঁকে জেরা করা হয়েছিল। শেষমেশ বউবাজার থানার ওই মামলাতেই এদিন লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হতে হল তাঁকে।