পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। বুধবার রাজ্য ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এবার থেকে সরকারি, সরকার-পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত—কোনও স্কুলের নবনিযুক্ত শিক্ষকরাই আর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শিক্ষায় গুণগত মান ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, দেশের অন্য কোনও রাজ্যে শিক্ষকরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন না।

কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন অনেক শিক্ষক-শিক্ষিকাই প্রত্যক্ষ রাজনীতি করতেন। তবে আজকের পর থেকে যাঁরা নতুন করে শিক্ষক হিসেবে নিযুক্ত হবেন, তাঁরা আর এই সুযোগ পাবেন না। তাঁরা কোনওভাবেই পুরসভা, কর্পোরেশন, বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলীতে এই নতুন নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে যে সমস্ত শিক্ষক ইতিমধ্যেই রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের ভবিষ্যৎ কী হবে? সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, পুরনো শিক্ষকদের অধিকার খর্ব করা হবে না। তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে শিক্ষা দপ্তরে ইতিমধ্যে মোট ৬০ হাজার নতুন শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।