পুবের কলম, মাদ্রিদ: স্পেনে দুটি উচ্চগতির (হাই-স্পিড) ট্রেনের মধ্যে এক মর্মান্তিক সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু যাত্রী। এই ভয়াবহ দুর্ঘটনার ফলে রাজধানী মাদ্রিদ এবং দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের মধ্যকার সমস্ত রেল যোগাযোগ পুরোপুরি স্থগিত করা হয়েছে। স্পেনীয় রেল অবকাঠামো অপারেটর 'আদিফ'-এর তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটে দেশটির তোলেদো প্রদেশের উরদা এবং লস ইবেনেস শহরের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাদ্রিদ-সেভিয়া রুটে চলাচলকারী একটি রেনফে এভই ট্রেন দাঁড়িয়ে থাকা একটি ইরিয়ো উচ্চগতির ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিলে এই বিপর্যয় ঘটে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় ট্রেন দুটির অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। ইরিও ট্রেনে ১৪৭ জন এবং রেনফে ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার বর্ণনায় ইরিও ট্রেনের এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, "ট্রেনের নিচে মৃতদেহ পড়ে ছিল।

অনেকেই বের হতে পারছিলেন না। চারদিকে শুধু চিৎকার আর আর্তনাদ। এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।" খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের চিকিৎসায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

দেশটির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা কমপক্ষে ৪৬ হতে পারে। রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ ও পরিবহন মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক খবরে মানুষের ভুল বা সিগন্যালিং সংক্রান্ত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর সমস্ত নির্ধারিত কর্মসূচি বাতিল করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আঞ্চলিক প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পাখে অবিলম্বে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের বুধবারের নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত করেছে। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেতসোলাসহ ইউরোপের শীর্ষ নেতারা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।