পুবের কলম ওয়েবডেস্ক, রোজগারের টানে ঘর ছেড়েছিলেন। দূর চেন্নাইয়ে দিন কাটে কাজের ব্যস্ততায়। কিন্তু ছটপুজোয় মায়ের কাছে ফেরার ডাক উপেক্ষা করতে পারেননি বিহারের যুবক সত্যরোহন কুমার। বাড়ি ফেরার জন্য মাসের প্রায় গোটা বেতনই খরচ করে বিমানের টিকিট কাটলেন তিনি। তাঁর এই আবেগঘন সিদ্ধান্তের ভিডিও এখন ভাইরাল সমাজমাধ্যমে।

বিহারের বাসিন্দা সত্যরোহন চেন্নাইয়ে ওয়েল্ডারের কাজ করেন। ছটপুজোয় পরিবারের সঙ্গে সময় কাটাতে বিমানে পটনা ফেরেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (@mafiya31740) সেই যাত্রার ভিডিও ভাগ করে নেন যুবক। সেখানে লেখা, ‘মা ডাকলে ছেলে গ্রামে ফিরবে না, প্রবাসের এত জোর নেই!’ কথাগুলি যেন দূরে থাকা অসংখ্য মানুষের মনের কথা বলে দিয়েছে।

কাজের প্রয়োজনে বাড়ি থেকে দূরে থাকা শ্রমিকদের কাছে পরিবারের সঙ্গে দেখা করা সব সময় সহজ নয়। কাজের চাপ, ছুটি এবং যাতায়াতের খরচ—সব সামলে বাড়ি ফেরা অনেক সময় কঠিন হয়ে ওঠে। বিহারের বহু পরিবারের কাছে ছটপুজো শুধু উৎসব নয়, প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার বিশেষ সময়। পুজোর প্রস্তুতি, প্রার্থনা আর পরিবারের সান্নিধ্যে কাটানো মুহূর্তের টান তাই প্রবাসীদের কাছে আরও গভীর।

 সমাজমাধ্যমে তাঁর সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই বলেছেন, নিজের কষ্টার্জিত টাকা কীভাবে খরচ করবেন, তা ঠিক করার অধিকার তাঁর রয়েছে। কারও কাছে এই খরচ বিলাসিতা মনে হলেও, সত্যরোহনের কাছে মায়ের কাছে ফেরা ছিল সবচেয়ে জরুরি।