কংগ্রেসকে ‘শূন্য’ বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ভোটগণনা শেষ হতেই ছবিটা বদলে গেল। আরএসএসের সদর দপ্তর নাগপুরের বিধান পরিষদের স্নাতক আসনে বিজেপিকে হারিয়ে জয় ছিনিয়ে নিল কংগ্রেস। চার রাজ্যের ২৮টি বিধান পরিষদ আসনের মধ্যে কংগ্রেসের এই একমাত্র জয় হলেও রাজনৈতিকভাবে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রের নাগপুরে কংগ্রেস প্রার্থী অভিজিৎ ওয়াঞ্জারি বিজেপির সুধাকর কোলে-কে ৩ হাজার ২৭১ ভোটে পরাজিত করেছেন। নাগপুর শুধু আরএসএসের সদর দপ্তরের শহরই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশেরও নিজের এলাকা।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করিও এই কেন্দ্রের সাংসদ। ফলে এই কেন্দ্রে বিজেপির পরাজয় রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

চার রাজ্যের ২৮টি বিধান পরিষদ আসনের ভোটগণনা চলাকালীন বুধবার কংগ্রেসের ফলাফল নিয়ে কটাক্ষ শুরু করেছিলেন বিজেপি নেতারা। রাত পর্যন্ত কংগ্রেস কোনও আসনে জয় না পাওয়ায় সমাজমাধ্যমে দলটিকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যালট পেপারে ভোট হওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, কংগ্রেস কতটি আসন পেয়েছে। রাহুল গান্ধী ও কংগ্রেসকে আক্রমণ করে সরব হন বিজেপির একাধিক নেতাও।

কিন্তু গণনা শেষ হওয়ার পর নাগপুরের ফল কংগ্রেসের মুখরক্ষা করল।

মহারাষ্ট্রেও বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির ফল আশানুরূপ হয়নি। পাঁচটি আসনের মধ্যে শাসক জোট পেয়েছে দু’টি, আর বিরোধী মহা বিকাশ আঘাড়ি জিতেছে তিনটি আসনে। নাগপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে কংগ্রেসের জয় রাজ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

উত্তরপ্রদেশেও বিজেপির জন্য পুরোপুরি স্বস্তির ছবি নেই। বিধান পরিষদের ১১টি আসনের মধ্যে ১০টির ফল প্রকাশিত হওয়ার পর বিজেপি ছ’টি এবং সমাজবাদী পার্টি চারটি আসনে জয় পেয়েছে।

বাকি আসনেও সমাজবাদী পার্টি এগিয়ে ছিল বলে খবর। ফলাফল সামনে আসার পর বিজেপিকে আক্রমণ করেছেন সপা প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, সরকারি ক্ষমতা ব্যবহার করেও বিজেপি নির্বাচনে প্রত্যাশিত ফল করতে পারেনি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও স্বীকার করেছেন, সমাজবাদী পার্টি এমন কিছু আসনে জিতেছে, যেখানে তাদের জয়ের সম্ভাবনা ছিল বলে বিজেপি মনে করেনি।

বিহারের ফলাফলও বিজেপির উদ্বেগ বাড়াতে পারে। সেখানে আটটি আসনের মধ্যে বিজেপি তিনটিতে জয় পেয়েছে। বাকি চারটি আসন নির্দল ও বিরোধীদের দখলে। অন্যদিকে, কর্ণাটকে স্বস্তি পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। রাজ্যের চারটি আসনেই জয় পেয়েছে তারা।