পুবের কলম ওয়েব ডেস্ক: সামনেই বাঙালির অন্যতম বড় উৎসব কালীপুজো। তার আগে ফানুস বা এয়ার বেলুন ব্যবহারে কঠোর পদক্ষেপ নিল পুলিশ। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তা জানিয়ে দিয়েছেন, বেশ কিছু নির্দিষ্ট নিয়ম মানার পরেই ফানুস ব্যবহার করা যাবে। অর্থাৎ ফানুস ওড়ানোর ক্ষেত্রে এবার কিন্তু লাইসেন্স বা অনুমতি নিতে হবে। দুর্ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ পুলিশের।

এছাড়া কালীপুজোতে শব্দবাজির ব্যবহার রুখতে এবং মানুষের সচেতনতা বাড়াতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সম্প্রতি নবান্নের সভাঘরে পুলিশ ও প্রশাসনের যৌথ সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শুধুমাত্র সবুজ বাজিই ব্যবহার করা যাবে। বিশেষ করে হাসপাতাল, স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে থাকা 'সাইলেন্ট জোন' বা নীরব এলাকায় কোনও ধরনের শব্দবাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
স্বরাষ্ট্রসচিব বলেন, "নিজের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়।" তিনি জোর দিয়ে জানান, প্রশাসনের কড়াকড়ির চেয়েও সাধারণ মানুষের সচেতনতা বেশি জরুরি।
তাই বাজি ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, বাজি বাজারের উপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কালীপুজোর সময় সাধারণ মানুষের সুবিধার্থে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করার কথাও ঘোষণা করেছেন স্বরাষ্ট্রসচিব। বাজি সংক্রান্ত যে কোনও অভিযোগ থাকলে সাধারণ মানুষ সরাসরি ওই কন্ট্রোল রুমে জানাতে পারবেন। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে প্রশাসনের লাগাতার অভিযান চলবে এবং উৎসবের দিনগুলিতেও পুলিশি পেট্রোলিং অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে। সব মিলিয়ে, কালীপুজোর আনন্দ যাতে নিরবচ্ছিন্ন থাকে এবং পরিবেশের ক্ষতি না হয়, সেই লক্ষ্যে কড়া বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন।