পুবের কলম ওয়েব ডেস্ক: বেহালায় প্রেমিক এবং তাঁর বাবাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগে ধৃত তিনজনের কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল জাতীয় মানবাধিকার কমিশন। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আগামী দু'সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। সেদিন ঠিক কী ঘটেছিল এবং কেন অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে হাঁটানো হল, তা রিপোর্টে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে।
গত রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোর সন্ধ্যায় বেহালার সরশুনার ক্ষুদিরামপল্লি এলাকায় একটি নাবালিকাকে চুমু খাওয়ার ‘অপরাধে’ ওই তরুণ, তাঁর বাবা এবং এক বন্ধুকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয় বলে অভিযোগ ওঠে। এই পাশবিক ঘটনার জেরে এলাকায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
তবে এই ‘নগ্ন প্যারেড’ চলাকালীন বাইক মেকানিক সুজয় হালদার ও তাঁর সঙ্গীরা এগিয়ে আসেন। তাঁরাই জোর করে তরুণ ও তাঁর বন্ধুকে গ্যারেজের ভিতরে নিয়ে গিয়ে নিজেদের জামাকাপড় পরতে দেন। পরে তরুণের বাবাকেও ডেকে নিয়ে গিয়ে লজ্জা নিবারণের ব্যবস্থা করেন তাঁরা। এরপর সুজয়ই আক্রান্তদের থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সেই অভিযুক্তদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য সামনে আসতেই এবার খোদ পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল কমিশন।