পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষাব্যবস্থা ধ্বংসের চেষ্টা চলছে, এই অভিযোগ তুলে একটি ভিডিও পোস্ট করে নিজেকে ‘দিমাগি নকশাল’ বলে দাবি করেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে তাঁকে 'বিপজ্জনক আরবান দিমাগি নকশাল' বলে তোপ দাগলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। অভিনেতার এই মতাদর্শ ভারতের গণতন্ত্রের জন্য ‘অত্যন্ত ক্ষতিকারক’ বলেও দাবি করেছেন তিনি।
মঙ্গলবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ছাত্র সংসদ ফেরানোর দাবিতে চলা বিক্ষোভকে সমর্থন জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন নাসিরুদ্দিন শাহ। সেই ভিডিওতে রীতিমতো ক্ষুব্ধ অভিনেতাকে একটি ‘দিমাগি নকশাল’ লেখা ব্যাজ পরে থাকতে দেখা যায়।

তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমি একজন 'দিমাগি নকশাল'।” একইসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, দেশের যুবসমাজের মনোবল ভাঙতে এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে সরকার আর কতদূর যাবে?
এই ভিডিওর পরিপ্রেক্ষিতেই বুধবার এক্স হ্যান্ডেলে তোপ দাগেন কিরেণ রিজিজু। তিনি লেখেন, “আমি ভাবতাম নাসিরুদ্দিন শাহ একজন সাধারণ অভিনেতা। আমি তাঁকে সম্মান করতাম... কখনও ভাবিনি তিনি একজন বিপজ্জনক আরবান দিমাগি নকশাল হবেন।
তাঁর আসল চরিত্র আমি অনেক দেরিতে জানতে পারলাম।” উল্লেখ্য, স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ‘দিমাগি নকশাল’ শব্দটি ব্যবহার করে বলেছিলেন যে, এরা সমাজের জন্য হুমকিস্বরূপ।
নাসিরুদ্দিন শাহের এই মন্তব্যের সমালোচনা করেছেন শিবসেনা নেত্রী শাইনা এনসি-ও। অভিনেতাকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, নাসিরুদ্দিন শাহ কি ভারতপন্থী স্লোগানকে সমর্থন করেন, নাকি দেশবিরোধী আন্দোলনকে? সম্প্রতি নিট পরীক্ষার অনিয়ম থেকে শুরু করে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পড়ুয়াদের বিক্ষোভ, একাধিক ছাত্র-ছাত্রী সংক্রান্ত ইস্যুতে সরব হয়েছেন ৭৬ বছর বয়সি এই অভিনেতা।