পুবের কলম, ওয়েবডেস্ক: পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণ নিয়ে এর আগে যে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছিল, তা আদতে একটি ‘পেড ক্যাম্পেইন’ বা টাকা দিয়ে করানো সুপরিকল্পিত প্রচার ছিল—এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি। মঙ্গলবার শিল্প সংস্থা সিআইআই-এর আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি।
 
ইথানল ব্লেন্ডিংয়ের ফলে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার যে অভিযোগ বিভিন্ন মহলে তোলা হয়েছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, গত তিন বছর ধরে দেশের ২০ কোটিরও বেশি দুুচাকা এবং ৩ কোটিরও বেশি পেট্রোল চালিত গাড়ি এই মিশ্রিত জ্বালানিই নির্বিঘ্নে চলছে। ইথানল মিশ্রণের কারণে ইঞ্জিন বসে গেছে বা নষ্ট হয়েছে—এমন কোনো সত্য ও যাচাই করা প্রমাণ এখনো কোথাও পাওয়া যায়নি।


 
নীতিন গড়কড়ি আরও বলেন, "তিন মাস আগে ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল) জ্বালানি নিয়ে তুমুল হইচই ও শোরগোল করা হয়েছিল। কিন্তু এখন সেই ক্ষোভ পুরোপুরি থেমে গেছে... আসলে ওই পুরো আন্দোলনটাই ছিল একটি পেড ক্যাম্পেইন!" ইথানল ব্যবহারের মাধ্যমে ভারত বিদেশে জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, সোশ্যাল মিডিয়ায় মহাসড়কের বেহাল দশা নিয়ে অনেক অভিযোগ আসায় তিনি নিজে সম্প্রতি ৭০০ থেকে ৮০০টি প্রকল্পের কাজ পর্যালোচনা করেছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, "হাইওয়ের গুণগত মান নিয়ে আমি বিন্দুমাত্র আপস করব না।" আগামী দুই বছরের মধ্যে দেশের কোনো সড়ক ব্যবহারকারীকে যেন রাস্তায় কোনো ধরনের সমস্যার মুখে পড়তে না হয়, সে বিষয়েও তিনি পূর্ণ আশ্বস্ত করেন।