পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বুধবার সকালে পুনে জেলায় এক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের অকাল প্রয়াণকে কেবল মহারাষ্ট্র নয়, বরং সমগ্র জাতির জন্য এক 'অপূরণীয় ক্ষতি' হিসেবে বর্ণনা করেছেন তিনি। বিজেপি নেতা নীতিন গড়করি জানান, এনসিপি (NCP) নেতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। এই শোকাবহ মুহূর্তে তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে গড়করি বলেন, "অজিত দাদার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। রাজ্য বিধানসভায় দীর্ঘ বছর একসঙ্গে কাজ করার সুবাদে তাঁর সঙ্গে আমার এক গভীর হৃদ্যতা তৈরি হয়েছিল।

"

গড়করি আরও উল্লেখ করেন যে, অজিত পাওয়ারের প্রশাসনিক কুশলতা, উন্নয়নের দূরদর্শী চিন্তাভাবনা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার ক্ষমতা তাঁকে মহারাষ্ট্রের রাজনীতিতে এক অবিসংবাদিত আসনে বসিয়েছিল। ৬৬ বছর বয়সী এই জননেতার মৃত্যুতে শোকস্তব্ধ গড়করি বলেন, "মহারাষ্ট্রের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখতেন এমন একজন নেতার অকাল মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন। তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল শূন্যতার সৃষ্টি করল।"

উল্লেখ্য, বুধবার সকালে নিজের শহর বারামতীর কাছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজন প্রাণ হারান। তাঁর এই প্রয়াণে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের শীর্ষস্থানীয় নেতারা শোকস্তব্ধ।