পুবের কলম, ওয়েবডেস্ক: কোচিতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের ১৭ বছর বয়সি নাবালক পুত্রের বেপরোয়া মার্সিডিজ গাড়ির ধাক্কায় পথচারী জয়বালকৃষ্ণনের (৫৫) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আইনি লড়াই আরও জোরদার হতে চলেছে। ঘটনায় অভিযুক্ত নাবালকের বিচারক বাবাকে পদচ্যুত করার আর্জি জানিয়ে এবার কেরল হাই কোর্টের দরজায় কড়া নাড়ার সিদ্ধান্ত নিয়েছে নিহতের পরিবার।
টানা ৭২ ঘণ্টার তীব্র গণবিক্ষোভের পর, পুলিশ প্রশাসনের আশ্বাস এবং ঘটনার সপক্ষে নেওয়া আইনি পদক্ষেপ পর্যবেক্ষণ করে আপাতত পথ অবরোধ ও গণপ্রতিবাদ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নিহতের পরিবার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহতের কন্যা ভদ্রদীপ্তি ও সন্তানরা জানান, চারজন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা সহ পুলিশের সাম্প্রতিক পদক্ষেপে তাঁরা কিছুটা সন্তুষ্ট।
পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে জানানো হয়েছে যে, পুরো ঘটনার যাবতীয় নথি ও পরিস্থিতি ইতিমধ্যেই কেরল হাই কোর্টের পেশ করা হয়েছে এবং ওই বিচারকের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক বা আইনি পদক্ষেপ নেওয়ার একচ্ছত্র এখতিয়ার এখন উচ্চ আদালতের বিচারবিভাগীয় এক্তিয়ারে। আইনি লড়াই চালিয়ে যেতে পরিবারটি সিদ্ধান্ত নিয়েছে, অভিযুক্ত নাবালকের জামিন বাতিল করার আর্জি নিয়ে তারা রাজ্য সরকারের পাশাপাশি জেলা আদালতের কাছেও আনুষ্ঠানিকভাবে আপিল করবে। একই সাথে, বিচারকের মতো দায়িত্বশীল পদে থাকার যোগ্যতা হারিয়েছেন ওই বিচারক—এই মর্মে হাই কোর্টে রিট পিটিশন পেশ করতে চলেছে পরিবারটি।