পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রতি দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার প্রতারণার ঘটনা বেড়েই চলেছে, যার প্রধান শিকার হচ্ছেন বয়স্করা। এই উদ্বেগজনক পরিস্থিতিতে সাইবার জালিয়াতি রুখতে ব্যাঙ্কগুলির ভূমিকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ব্যাঙ্কের নজরদারিতে গাফিলতি প্রমাণিত হলে, ডিজিটাল প্রতারণার শিকার গ্রাহকদের সম্পূর্ণ ক্ষতিপূরণ ব্যাঙ্ককেই দিতে হবে।
প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন এই বিষয়টি উঠে আসে। প্রধান বিচারপতি ব্যাঙ্কগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যখন একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে সন্দেহজনকভাবে বিপুল অঙ্কের টাকা লেনদেন হচ্ছে, তখন কেন ব্যাঙ্কগুলি সঙ্গে সঙ্গে তা রুখে দিচ্ছে না?

তিনি জোর দিয়ে বলেন, প্রযুক্তিগতভাবে দুর্বল গ্রাহকদের রক্ষাকবচ হিসেবে ব্যাঙ্কগুলিকেই কাজ করতে হবে।
ব্যাঙ্কগুলিকে কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি, সাইবার প্রতারণার শিকার হওয়া সাধারণ মানুষ, বিশেষত শিক্ষিতদের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি কিছুটা তিরস্কারের সুরেই বলেন, “মোবাইলে কি কাউকে গ্রেপ্তার করা যায়? সাহস করে মোবাইলটা দেওয়ালে ছুড়ে মারলেই তো অ্যারেস্ট শেষ হয়ে যায়। শিক্ষিত ব্যক্তিরাও কেন এই সামান্য বিষয়টা বুঝতে না পেরে ফাঁদে পা দিচ্ছেন?” শুনানিতে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি আদালতকে জানিয়েছেন যে, এই প্রতারণা রুখতে ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা শুরু করেছে।