পুবের কলম, ওয়েবডেস্ক: জাতিগত সংঘাত ও অরাজকতার চরম রূপ অব্যাহত উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে। গত পাঁচ দিন আগে কাংপোকপি জেলা থেকে অপহৃত হওয়া দুই কুকি যুবকের ক্ষতবিক্ষত দেহ রবিবার উদ্ধার করল নিরাপত্তা বাহিনীর যৌথ দল। মৃত দুই যুবকের নাম পাওগিনলাল হাংশিং (২০) এবং তিংগিনলুন চংলোই (২১)। গত ২৮ অক্টোবর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
আরও পড়ুন:
মণিপুর পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, কোবরা ব্যাটালিয়ন, আসাম রাইফেলস এবং র্যাফ-এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী জাতীয় সড়ক ২-এর পূর্ব দিকে এসপি রোড সংলগ্ন পাহাড়ি এলাকায় এক ব্যাপক চিরুনি অভিযান চালিয়ে তাঁদের দেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হ্যাংবাং এবং তাফু গ্রামের মধ্যবর্তী এলাকায় যাতায়াতের সময় ওই দুই যুবককে অপহরণ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে সন্দেহ করা হয়। যুবকদের নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে এবং তাদের সশর্ত মুক্তির দাবিতে পরদিন, অর্থাৎ ২৯ অক্টোবর থেকেই কাংপোকপি জেলাজুড়ে সম্পূর্ণ বনধ বা ‘টোটাল শাটডাউন’-এর ডাক দিয়েছিল কুকি-জো সম্প্রদায়ের অন্যতম শীর্ষ সংগঠন ‘কমিটি অন ট্রাইবাল ইউনিটি’।
আরও পড়ুন:
দেহ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তার করতে ওই পাহাড়ি অঞ্চলে ব্যাপক চিরুনি অভিযান অব্যাহত রাখা হবে।