পুবের কলম ওয়েবডেস্ক, আইআইটি বম্বের দলিত ছাত্র সাহিল ওয়াকোড়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার চেয়ে আন্দোলনে নামা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, কখনও বাড়িতে নজরবন্দি, কখনও আটক, আবার কখনও এফআইআর করে তাঁদের প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। সাহিলের বাবা-মাও মুম্বইয়ের আজাদ ময়দানে ধরনায় বসেছেন। তাঁদেরও একাধিকবার আটক করা হয়েছে।
আরও পড়ুন:
মহারাষ্ট্র প্রোগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়নের সভানেত্রী ২৬ বছরের সম্য কোর্দের অভিযোগ, তাঁর বাড়ির বাইরে সাদা পোশাকের পুলিশকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন।
তাঁকে বাইরে বেরোতেও বাধা দেওয়া হচ্ছে। একইভাবে অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট শিডিউল্ড কাস্টস অ্যাসোসিয়েশনের নেত্রী দীপালি সালভেকেও তিনবার গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। একবার তাঁকে আটক করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত থানায় রাখা হয়। তাঁর-সহ ১৩ জনের বিরুদ্ধে বেআইনি জমায়েতের অভিযোগে এফআইআর হয়েছে।আরও পড়ুন:
আন্দোলনকারীদের অভিযোগ, সাহিলের মৃত্যুর পিছনে জাতিগত বৈষম্য ও প্রাতিষ্ঠানিক নিপীড়নের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তাঁদের দাবি, আইআইটি বম্বের অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন প্রকাশ, অধিকর্তা শিরীষ বি কেদারেকে অপসারণ এবং প্রতিষ্ঠানে জাতিগত বৈষম্য রুখতে রোহিত ভেমুলা আইন কার্যকর করতে হবে।