পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৪০ আসনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্যের শাসক দল আম আদমি পার্টি (আপ)। প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আবারও নিজের পুরনো আসন ধুরি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ানকে কোটকাপুরা আসন থেকে প্রার্থী করা হয়েছে।
আরও পড়ুন:
শুক্রবার দিল্লিতে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আয়োজিত শীর্ষ নেতৃত্বের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে কেজরিওয়াল ও মান ছাড়াও রাজ্য ইনচার্জ মণীশ সিসোদিয়াসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
প্রার্থী তালিকা প্রকাশের পর অরবিন্দ কেজরিওয়াল মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, ভোটের বেশ কিছুদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা করার সিদ্ধান্তকে দলের প্রশাসনিক সাফল্যের আত্মবিশ্বাস হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এক্স-এ মান লেখেন, "উম্মীদোয়ারের এই আগাম ঘোষণা আমাদের শক্তিশালী প্রস্তুতি, প্রশাসনিক স্বচ্ছতা এবং বিগত দিনে আমাদের করা জনকল্যাণমূলক কাজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাসেরই প্রতীক।"
আরও পড়ুন:
প্রসঙ্গত, ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভার বর্তমান মেয়াদ ২০২৭ সালের ১৬ মার্চ শেষ হতে চলেছে। তার আগেই ফেব্রুয়ারি-মার্চ নাগাদ রাজ্যে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।