পুবের কলম, ওয়েবডেস্ক: আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণ ও বিক্রির প্রস্তাবিত সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যাঙ্ক কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছেন, একটি লাভজনক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে কেন কানাডার ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিংস-এর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র? রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বিক্রির জন্য কোনো পণ্য বা সম্পত্তি হিসেবে গণ্য করা উচিত নয় বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন:
আইডিবিআই ব্যাঙ্কের কর্মী ও তাদের পরিবারকে উদ্দেশ্য করে লেখা একটি খোলা চিঠিতে রাহুল গান্ধী এই প্রশ্নগুলি তোলেন।
চিঠিতে রাহুল গান্ধী লেখেন, তিনি এই প্রশ্নটি লোকসভায় তুলেছিলেন এবং জানতে চেয়েছিলেন কেন একটি লাভজনক সরকারি ব্যাঙ্ক বিক্রি করা হচ্ছে ও এর কর্মী ও আমানতকারীদের স্বার্থ কীভাবে সুরক্ষিত থাকবে? কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সন্তোষজনক জবাব মেলেনি। এখন কেন্দ্র সরকার আইডিবিআই ব্যাঙ্ককে কানাডার ফেয়ারফ্যাক্স কোম্পানির কাছে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।আরও পড়ুন:
আইডিবিআই-এর অতীত ও বর্তমানের রূপান্তর তুলে ধরে তিনি বলেন, ব্যাঙ্কটি প্রথমে একটি উন্নয়ন ব্যাঙ্ক হিসেবে শুরু হয়েছিল এবং পরবর্তীতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখেই তা বাণিজ্যিক ব্যাঙ্কে রূপান্তরিত হয়।
ব্যাঙ্কের এই ঘুরে দাঁড়ানোর সম্পূর্ণ কৃতিত্ব কর্মচারীদের পরিশ্রমকে দিয়ে তিনি উল্লেখ করেন, "সাত বছর আগে আইডিবিআই লোকসানের মুখে ছিল, কিন্তু গত বছর এটি নয় হাজার কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করেছে। এই ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের।"আরও পড়ুন:
জনগণের অর্থে গড়ে ওঠা প্রতিষ্ঠান জনগণেরই আমানত—এই কথা মনে করিয়ে দিয়ে রাহুল গান্ধী বলেন, বর্তমানে কেন্দ্র সরকার ও জীবন বীমা নিগম (এলআইসি)-এর যৌথভাবে আইডিবিআই ব্যাঙ্কে ৯৫ শতাংশ অংশীদারি রয়েছে। কিন্তু প্রস্তাবিত এই বিক্রির ফলে তাদের সম্মিলিত অংশীদারি কমে মাত্র ৩৪ শতাংশে নেমে আসবে।