ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। শুক্রবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হওয়ায় আগামী সপ্তাহে আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস। ফলে একদিকে অর্ণবের অবশিষ্ট প্রভাব, অন্যদিকে নতুন নিম্নচাপ—এই দুইয়ের জেরে আবহাওয়ার দিকে নজর রাখছে হাওয়া অফিস।
আরও পড়ুন:
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। তবে সারাদিন ধরে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।আরও পড়ুন:
শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই।
বৃষ্টির জেরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে ধসের আশঙ্কা থাকায় সতর্ক থাকার প্রয়োজন বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কমতে না কমতেই বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরির পরিস্থিতি দেখা দিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটি নিম্নচাপ অবস্থান করছিল। সেটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ৩১ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।আরও পড়ুন:
এই নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তবে তার গতিপথ, শক্তি এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরবর্তী পূর্বাভাসের দিকে নজর রাখতে হবে। সব মিলিয়ে শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা কম। অন্যদিকে, নতুন নিম্নচাপ ঘিরে আগামী কয়েক দিনের আবহাওয়া কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।