পুবের কলম ওয়েবডেস্ক, গুজরাটের ভদোদরায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার, ২৮ অক্টোবর, শহরের চার দরওয়াজা এলাকার ডালা প্যাটেল পোলের একটি বন্ধ বাড়ি থেকে ৫০ বছরের আরতিবেন সোনি, তাঁর ২৩ বছরের ছেলে নীলকণ্ঠ এবং ২০ বছরের মেয়ে ঝলকের দেহ উদ্ধার করে পুলিশ। দু’দিন ধরে তাঁদের বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় আত্মীয়দের খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নোটে ৩৩ লক্ষ টাকা ঋণের কথা উল্লেখ রয়েছে। মায়ের লেখা বলে চিহ্নিত নোটে আর্থিক সংকটের কথা বলা হয়েছে। অন্য একটি নোটে বাবার মৃত্যুর পর আরতিবেনের মানসিক অবসাদ এবং ঋণের কারণে সন্তানদের উদ্বেগের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। তিনজনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

প্রায় এক বছর আগে হৃদ্‌রোগে মৃত্যু হয় পরিবারের কর্তা চেতনভাই সোনির। বাবার মৃত্যুর পর কানাডায় পড়াশোনা করা নীলকণ্ঠ দেশে ফিরে পরিবারের আয়ুর্বেদিক ওষুধের ব্যবসার দায়িত্ব নেন। পরিবারের আর্থিক অবস্থা নিয়ে আত্মীয়দের অবশ্য তেমন কোনও ধারণা ছিল না। তাঁদের দাবি, কোনও বড় সমস্যার কথা তাঁরা জানতে পারেননি।

পরিবারের ব্যবসায়িক অংশীদার কেতন শাহও জানিয়েছেন, ব্যবসার হিসাব নিয়ে কোনও বিরোধ ছিল না। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।