পুবের কলম ওয়েব ডেস্ক: গত ২৫ বছরে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও নির্বাচনী হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর বিশেষ সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার। নবান্ন সূত্রে খবর, নিহতদের পরিবার পিছু এক জন সদস্যকে রাজ্য সরকারের তরফ থেকে চাকরি দেওয়া হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে আইনি ও প্রশাসনিক স্তরে ছাড়পত্র মিলেছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এই নয়া প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে প্রশাসন।


এই সিদ্ধান্তের আওতায় গত ২৫ বছরে হওয়া সমস্ত রাজনৈতিক হিংসার শিকার পরিবারগুলিকে নিয়ে আসা হবে। অর্থাৎ, পূর্ববর্তী তৃণমূল জমানার ১৫ বছরের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী হিংসার পাশাপাশি বাম আমলের শেষ ১০ বছরের রাজনৈতিক সংঘাতের বলি হওয়া ব্যক্তিদের পরিবারকেও এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। লোকসভা, বিধানসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত—যেকোনো নির্বাচনের হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকেই এই বৃত্তে আনার পরিকল্পনা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্দিষ্ট নিয়ম মেনে ও স্বচ্ছতার সঙ্গে করতে খুব শীঘ্রই সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এই চাকরি পাওয়ার জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং উপযুক্ত প্রমাণ-সহ সমস্ত নথিপত্র জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে। সরাসরি জেলাশাসকের দপ্তরেই এই আবেদনপত্র এবং নথিপত্রগুলোর সত্যতা যাচাই করা হবে। এরপর পুলিশি রিপোর্ট এবং প্রশাসনিক স্তরে চূড়ান্ত পর্যালোচনার পরেই যোগ্য প্রার্থীদের তালিকায় সিলমোহর দেওয়া হবে ও তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের এই সদর্থক পদক্ষেপটির মাধ্যমে প্রশাসনিক ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ্যে আসার পাশাপাশি স্বজনহারা পরিবারগুলির দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ প্রশমনেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।