পুবের কলম, ওয়েবডেস্ক: আসামে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে রাজ্য সরকারের সাম্প্রতিক অভিযানে আসাম পুলিশ এ পর্যন্ত ৪৭৬টি মামলা নথিভুক্ত করেছে এবং ৫৫৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারের এই সংখ্যা ২০২৪ সালের পুরো অভিযানকে ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের বাল্যবিয়ে বিরোধী অভিযানের তুলনায় এবার মামলা এবং গ্রেফতার —উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ২০২৪ সালে আসাম জুড়ে যেখানে ৩৬৩টি মামলা দায়ের এবং ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছিল, সেখানে চলতি অভিযানের প্রাথমিক পর্বেই মামলা বৃদ্ধি পেয়েছে ১১৩টি এবং গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে ১২৫ জন।

অভিযানের অগ্রগতি সম্পর্কে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "রাজ্যকে বাল্যবিয়ে মুক্ত করার আমাদের যে অঙ্গীকার, তারই ধারাবাহিকতায় এই বার্ষিক অভিযান চালানো হচ্ছে।

এ পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কিছু গ্রেফতারি প্রক্রিয়াধীন রয়েছে। আসাম থেকে বাল্যবিয়ে সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠোর প্রশাসনিক পদক্ষেপের ফলে আসামের গ্রামীণ এলাকায় বাল্যবিয়ের হার ব্যাপকভাবে কমেছে। সরকারি তথ্য উল্লেখ করে জানানো হয়, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ সালের মধ্যবর্তী সময়ে রাজ্যজুড়ে ২০টি জেলার ১,১৩২টি গ্রামে পর্যালোচনা চালিয়ে দেখা গেছে, সেখানে বাল্যবিয়ের ঘটনা প্রায় ৮১ শতাংশ হ্রাস পেয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও এই ধরনের আইনি অভিযান যৌথভাবে চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে আসাম প্রশাসন।