পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্নীতির অভিযোগে বিদ্ধ হওয়ার পর গ্রাহকদের আস্থা ফেরাতে মরিয়া হয়ে উঠল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সেক্টর পিআই-১ শাখায় প্রায় ৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তিন জন ভুক্তভোগী গ্রাহককে ৪৩ লক্ষ টাকা ফেরত দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একই সঙ্গে পিএনবির তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, অবিলম্বে অন্যান্য যোগ্য গ্রাহকদেরও টাকা ফিরিয়ে দেওয়া হবে।
দিন দুয়েক আগেই নয়ডার ওই শাখায় গ্রাহকদের কোটি কোটি টাকা উধাও হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। জানা যায়, ব্যাঙ্কের কর্মীরাই বেশ কয়েকজন গ্রাহকের ফিক্সড ডিপোজিট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই সেই টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে দিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গ্রাহকদের কাছে কোনও এসএমএস বা সম্মতিপত্র ছাড়াই রাতারাতি এই টাকা উধাও হয়ে যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ওই ব্যাঙ্ক কর্মীরা ২০২৫ সালের এপ্রিল মাস থেকে এই জালিয়াতি শুরু করেছিলেন। আশেপাশের এলাকার বহু কৃষক ও ছোট ব্যবসায়ীর জমানো টাকা এই চক্রের শিকার হয়েছে।
দুর্নীতির এই খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করে পিএনবি কর্তৃপক্ষ। ব্যাঙ্কের রিজিওনাল অফিস থেকে ওই শাখার ম্যানেজার-সহ সমস্ত কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং সেখানে নতুন কর্মী নিয়োগ করা হয়েছে। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় গ্রাহকদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে অন্যান্য অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত যোগ্য গ্রাহকই তাঁদের হারানো টাকা দ্রুত ফেরত পাবেন।