পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা মহাভিযোগ আনার জন্য বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সমস্ত পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু বাধ সাধল আবহাওয়া। বৃষ্টির কারণে শুক্রবারের এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছে বিরোধী শিবির। কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, এমনটাই দাবি করা হয়েছে।
প্রথমে শুক্রবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে একটি ‘নকল সংসদ’ বসানোর পরিকল্পনা ছিল। তবে সংসদ ভবনের অবমাননার অভিযোগ এড়াতে পরে এই কর্মসূচির নাম পাল্টে ‘জন মহাভিযোগ’ রাখা হয়। পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচিতে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার স্পিকারের ভূমিকায় থাকবেন বলে ঠিক হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করবেন এবং এরপর বিভিন্ন দলের প্রতিনিধিরা একে একে বক্তব্য রাখবেন। এমনকি, ভোটার তালিকা থেকে বাদ পড়া কয়েকজনকে কথা বলার সুযোগ দেওয়া হবে বলেও স্থির হয়েছিল। আর শেষে ভাষণ দেওয়ার কথা ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।
কিন্তু শুক্রবার সকাল থেকেই দিল্লিতে প্রবল বৃষ্টি শুরু হয়। এর ফলে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জল জমে যায়। কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, জল জমার কারণেই এই আয়োজন করা সম্ভব হয়নি এবং কর্মসূচিটি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এই পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করা হয়নি। জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের মেগা সমাবেশের ঠিক আগের দিন, অর্থাৎ শনিবার, ফের এই ‘জন মহাভিযোগ’ কর্মসূচির আয়োজন করা হতে পারে।
এদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে, কেবল জল জমাই এই কর্মসূচি পেছানোর একমাত্র কারণ নাও হতে পারে। বিরোধী জোটের অনেক নেতাই এখনও দিল্লিতে পৌঁছতে পারেননি। সম্ভবত শনিবার তাঁদের অনেকেই সেখানে উপস্থিত হবেন। তাই নেতাদের উপস্থিতির অভাবেই কর্মসূচিটি এক দিন পিছিয়ে দেওয়া হলো কি না, তা নিয়েও জল্পনা রয়েছে।