পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজকে দেওয়া দিল্লি হাই কোর্টের জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগে ইউএপিএ আইনের অধীনে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। দিল্লি হাই কোর্টের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এনআইএ। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম.এম. সুন্দরেশ এবং বিচারপতি পি.বি. ভারালের ডিভিশন বেঞ্চ এনআইএ-এর সেই আবেদন খারিজ করে দিয়েছে।


আদালত জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে বিচারাধীন অবস্থায় বন্দি রয়েছেন, সেই কারণেই হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। শুনানিতে এনআইএ-এর পক্ষে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রাজা ঠাকরে। অন্যদিকে, অভিযুক্ত খুররম পারভেজের আইনজীবী তানভীর আহমেদ মীর আদালতকে জানান যে, খুররমের একটি কৃত্রিম পা রয়েছে এবং তিনি ইতিমধ্যেই প্রায় পাঁচ বছর ধরে হেফাজতে রয়েছেন। তিনি আরও জানান, গত ১৯ আগস্ট এনআইএ একটি অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার জন্য সময় চাওয়ায় এই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের জুলাই মাসে দিল্লি হাই কোর্টের বিচারপতি নবীন চাওলা এবং বিচারপতি রবিন্দর দুদেজার ডিভিশন বেঞ্চ খুররম পারভেজকে জামিন দিয়েছিল। হাই কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল যে, প্রায় সাড়ে চার বছরের দীর্ঘ কারাবাস, বিচার প্রক্রিয়ার ধীর গতি এবং সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের ভিত্তিতে তিনি জামিন পাওয়ার যোগ্য।
২০২১ সালের ২২ নভেম্বর শ্রীনগর থেকে খুররম পারভেজকে গ্রেপ্তার করে এনআইএ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের হয়ে তিনি কাজ করছিলেন। এই সংগঠনটি ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স নিয়োগ, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ঘাঁটির তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করে এনআইএ।