পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের দমোহ জেলায় মোষ নিয়ে যাওয়ার সময় দুই মুসলিম ব্যবসায়ী এবং এক ভ্যান চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল হিন্দুত্ববাদীর বিরুদ্ধে। গত ২৬ অক্টোবর হিন্দুড়িয়া থানা এলাকার হরদুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ এই মারধরের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করলেও, আশ্চর্যের বিষয় হলো, আক্রান্তদের বিরুদ্ধেই পশু নিষ্ঠুরতা আইনে পাল্টা মামলা দায়ের করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, আবিদ কুরেশি ও হাসান কুরেশি নামে ওই দুই ব্যবসায়ীকে মাঠে দড়ি দিয়ে বেঁধে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং লাঠি দিয়ে চরম মারধর করা হচ্ছে। হাসপাতাল থেকে সাংবাদিকদের আবিদ জানান, তাঁরা আক্রমণকারীদের মোষ কেনার রসিদও দেখিয়েছিলেন, যাতে প্রমাণ হয় যে মোষগুলো চুরি করা নয়।
বর্তমানে দুই আক্রান্ত ব্যক্তি দমোহের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত তৃতীয় জনকে উন্নত চিকিৎসার জন্য জব্বলপুরে স্থানান্তর করা হয়েছে।
দমোহের পুলিশ সুপার আনন্দ কালাদাগি জানিয়েছেন, মারধরের ভিডিও ফুটেজের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, চুরি করা মোষ নিয়ে যাওয়া হচ্ছে, মূলত এই সন্দেহে তাদের আটকে মারধর করা হয়। তবে পুলিশ সুপার আরও জানান যে, ওই ব্যবসায়ী, গাড়ির চালক এবং গাড়ির মালিকের বিরুদ্ধেও পুলিশ একটি মামলা দায়ের করেছে। পুলিশের অভিযোগ, একটি বা দুটি পশু বহনের উপযোগী গাড়িতে অত্যন্ত খারাপ অবস্থায় সাত-আটটি মোষ গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছিল।
আক্রান্তদের অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মারধরের একটি আলাদা এফআইআর দায়ের করেছে পুলিশ। বর্তমানে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে দমোহের এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।