পুবের কলম, ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় ট্রাইব্যুনাল দলটির আরও তিন নেতাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন আওয়ামী লীগ নেতা হলেন সদর উদ্দিন খান, আসগার আলী এবং আতাউর রহমান আতা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়কে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। ট্রাইব্যুনালের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং বিরোধীদের দমন-পীড়নে বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে দলটি। এক বিবৃতিতে আওয়ামী লীগ দাবি করেছে, অভিযুক্তদের অনুপস্থিতিতে যেভাবে বিচার পরিচালনা করা হয়েছে, তা ন্যূনতম আইনি ন্যায়বিচারের পরিপন্থী। অভিযুক্তদের নিজেদের পছন্দের আইনজীবী নিয়োগের মৌলিক আইনি অধিকার নিশ্চিত করা হয়নি বলেও তারা অভিযোগ করে।