পুবের কলম, নয়াদিল্লি: ডিজিটাল সংবাদমাধ্যম ‘মাকতুব’-এর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ প্রধানকে (ডিজি) আহ্বান জানাল সংবাদমাধ্যমের স্বাধীনতরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট’ (আইপিআই)। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, একজন জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তার প্রকাশ্যে দেওয়া বক্তব্য সংবাদমাধ্যমে রিপোর্ট করার জন্য সাংবাদিকদের কোনোভাবেই আইনি পদক্ষেপের মুখোমুখি করা উচিত নয়। আইপিআই-এর নির্বাহী পরিচালক স্কট গ্রিফেন স্বাক্ষরিত এক চিঠিতে, গত ১৯ সেপ্টেম্বর ‘মাকতুব’-এর সোশ্যাল মিডিয়া পোস্টের প্রেক্ষিতে নথিভুক্ত এফআইআর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি অভিযোগ তুলেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরকালে মুসলিম পুলিশ কর্মকর্তারা ধর্মীয় বৈষম্যের শিকার হয়েছেন। মাকতুবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবরটি প্রকাশ করা হয়েছিল।
আরও পড়ুন:
আইপিআই চিঠিতে লিখেছে, "একজন জনপ্রতিনিধির গুরুতর অভিযোগের ওপর মাকতুবের সাংবাদিকতা কোনো অপরাধ নয়; জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্বাধীনভাবে রিপোর্ট করাই মুক্ত সংবাদমাধ্যমের মূল কাজ।" সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থাটি পশ্চিমবঙ্গ পুলিশের কার্যপ্রণালীরও কড়া সমালোচনা করেছে। আইপিআই-এর মতে, পশ্চিমবঙ্গ পুলিশ মাকতুবকে এই এফআইআর সম্পর্কে সরাসরি কিছুই জানায়নি। পুলিশ এক্স কর্তৃপক্ষের কাছে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চাইলে, এক্স-এর বার্তা থেকেই মাকতুব কর্তৃপক্ষ মামলার বিষয়টি জানতে পারে।