পুবের কলম ওয়েবডেস্ক, বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই বিদেশি নাগরিকের। শুক্রবার সন্ধ্যায় হালাসুরুর কনরাড হোটেলের তিনতলার সুইমিং পুলে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন ৫৭ বছর বয়সি জার্মান নাগরিক আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস এবং ৪৫ বছর বয়সি স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাট। থেইস লুফথানসা বিমান সংস্থার কর্মী ছিলেন।

হরভাট আইবিএমে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, দু’জনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও দু’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪১ বছর বয়সি মার্কিন নাগরিক ম্যাথিউ ডেসান্টিস হোটেলটির অতিথি ছিলেন। অন্যজন ২৮ বছর বয়সি রাহুল তিওয়ারি, ওই হোটেলের সুইমিং পুলের পরিচর্যাকারী ও প্রশিক্ষিত লাইফগার্ড।

আহত দু’জনকে মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে।

পুলিশের পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার বিক্রম আমাথে ঘটনার কথা নিশ্চিত করেছেন। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল, তা জানতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কনরাড হোটেল হিলটন ওয়ার্ল্ডওয়াইডের বিলাসবহুল হোটেল শাখার অন্তর্গত। এটি পাঁচতারা হোটেল।