কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে আরও উন্নত করতে অভিনব উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি সংস্থা ডাইমেনশনাল। শহরের রাস্তায় চার পেয়ে রোবট কুকুর হাঁটানো এবং সেগুলোর কাজ তদারকির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল সংস্থাটি। এই কাজের জন্য প্রতি ঘণ্টায় ২০ ডলার, মজুরি দেওয়ার প্রস্তাব রাখা হয়। প্রযুক্তি বা রোবটিক্সে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও এই কাজে যোগ দেওয়ার সুযোগ ছিল।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ডাইমেনশনাল সান ফ্রান্সিসকোর বিভিন্ন রাস্তায় চার থেকে ছয় ঘণ্টা ধরে রোবট কুকুর পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য কর্মী খুঁজছিল।

সংস্থার পক্ষ থেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানানো হয়েছিল। গত ৫ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি শিফট শেষ হওয়ার পরই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হবে।

তবে কাজটি যতটা অভিনব, ততটাই দায়িত্বপূর্ণ। রোবট কুকুরগুলোর ওজন ও সঙ্গে থাকা সরঞ্জাম বহনের জন্য কর্মীদের শারীরিকভাবে সক্ষম হতে হবে। প্রায় ৩৩ পাউন্ড ওজনের যন্ত্রপাতি বহন করার সামর্থ্যও প্রয়োজন।

কারণ, রাস্তায় চলার সময় কোনও রোবট অতিরিক্ত গরম হয়ে গেলে কিংবা সংযোগ বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে গেলে সেটিকে বহন করে ফিরিয়ে আনতে হতে পারে।

ডাইমেনশালের প্রতিষ্ঠাতা স্ট্যাশ পমিখটারের মতে, মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রোবট কুকুরগুলো পরিচালিত হলে সেগুলোর সেন্সর ও ক্যামেরার মাধ্যমে আশপাশের পরিবেশ সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। এই তথ্য ব্যবহার করেই এআই মডেলকে বাস্তব পরিস্থিতিতে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে।

তবে পরীক্ষায় দেখা গিয়েছে, হার্ডওয়্যার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এআই এজেন্টগুলো এখনও পুরোপুরি দক্ষ হয়ে ওঠেনি। বাস্তব পরিবেশে চলাফেরা, বাধা এড়িয়ে যাওয়া কিংবা বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের আরও প্রশিক্ষণের প্রয়োজন।

সেই কারণেই আপাতত রোবট পরিচালনা ও তদারকির জন্য মানুষের সাহায্য নিতে হচ্ছে।

সান ফ্রান্সিসকোর ডগপ্যাচ এলাকায় অবস্থিত ডাইমেনশাল মূলত এমন একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করছে, যার সাহায্যে এআইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের রোবট সরাসরি পরিচালনা করা সম্ভব হবে।

ডাইমেনশালের পরিকল্পনা শুধু রাস্তায় রোবট কুকুর হাঁটানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির বিভিন্ন নির্মাতা সংস্থার কাছ থেকে ইতিমধ্যে শতাধিক রোবট কুকুর এবং ৫০টি মানবসদৃশ বা হিউম্যানয়েড রোবট সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। চীনা সংস্থা ইউনিট্রির তৈরি প্রতিটি রোবট কুকুরের দাম প্রায় ২ হাজার ডলার বলে উল্লেখ করা হয়েছে।

ভবিষ্যতে এই রোবটগুলোকে শিল্পকারখানা, ডেটা সেন্টার, নির্মাণক্ষেত্র এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ জন্য বাস্তব পরিবেশে রোবটগুলোর তথ্য সংগ্রহ, পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করার দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।