পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সদ্য তৃণমূল ত্যাগ করা এই সাংসদের দাবি, নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দননগরে যেতে হলেও একসময় তাঁকে ইন্দ্রনীল সেনের আগাম অনুমতি নিতে হত। এমনকী, এলাকার কোনও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও প্রাক্তন মন্ত্রীর সম্মতি লাগত বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি চন্দননগর পুলিশের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বর্তমানে এনসিপিআই দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালে সাংসদ হওয়ার পর গত দু'বছরে চন্দননগরের এই ধরনের কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যায়নি।

অনুষ্ঠানে সেই নীরবতা ভেঙে রচনা জানান, তৃণমূলে থাকাকালীন একই দলের সাংসদ হওয়া সত্ত্বেও ইন্দ্রনীল সেনের সঙ্গে তাঁর সেভাবে কাজ করা হয়ে ওঠেনি। চন্দননগর বিধানসভা এলাকায় কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তাঁকে তৎকালীন বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীলের অনুমতি নিতে হত। খোদ দলীয় কর্মীরাই তাঁকে এই অলিখিত নিয়মের বিষয়টি জানিয়েছিলেন।
গত ২৮ অক্টোবর দুর্গাপুজোর ই-পাস দুর্নীতি মামলায় ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বউবাজার থানায় জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্টের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, 'মাস আর্ট' নামে একটি সংস্থার মাধ্যমে পুজোর ভিআইপি পাস বিক্রি করে কোটি কোটি টাকা তছরুপ করেছেন প্রাক্তন মন্ত্রী।
লালবাজারের গোয়েন্দা শাখা বর্তমানে এই ঘটনার তদন্ত করছে।
তবে প্রাক্তন মন্ত্রীর এই গ্রেপ্তারির বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি রচনা। তিনি জানান, যেহেতু তিনি এখন অন্য দলের সাংসদ, তাই পুরনো দলের নেতাকে নিয়ে কথা বলা তাঁর সাজে না। বিষয়টি এখন আদালতের বিচারাধীন এবং আইনই এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে রাজনীতি সরিয়ে রেখে গায়ক হিসেবে ইন্দ্রনীল সেনের প্রশংসা করেছেন তিনি। অভিনেত্রী জানান, একসময় শিল্পী ইন্দ্রনীলের প্রচুর ক্যাসেট বিক্রি হত এবং গায়ক হিসেবে তিনি সত্যিই ভালো ছিলেন।