পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে দেখা করলেন ‘ককরোচ জনতা পার্টি’-র (সিজেপি) অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সন্ধ্যায় দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই বৈঠক হয়। দু’জনের এই সাক্ষাৎ বিরোধী জোটের শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।
বৈঠকে দুই নেতা একে অপরের রাজনৈতিক লড়াইকে সম্মান জানান।
বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “ওরা জেন জি (Gen Z)। দেশের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ওরা যেভাবে আন্দোলন করছে, তা মোটেও সহজ নয়। আমি ওদের পূর্ণ সমর্থন করি। অভিজিৎ দেখা করতে আসায় খুব ভালো লেগেছে। ওদের জানিয়েছি যে, চাইলে ওরা বাংলাতেও কর্মসূচি করতে পারে। ওরাও আমাদের প্রতিবাদে সমর্থন জানিয়েছে।”
অভিজিৎ দীপকে বলেন, “আমি দিদিকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই তিনি যেভাবে পাশে থেকেছেন এবং পরামর্শ দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”
উল্লেখ্য, রবিবার রামলীলা ময়দানে ‘ভোটচুরি’-র অভিযোগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশাল প্রতিবাদ সভার ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন ইতিমধ্যেই এই কর্মসূচিতে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন। সিজেপি আগেই এই প্রতিবাদে তাদের সমর্থন জানিয়েছিল। এবার মমতা ও অভিজিতের সাক্ষাতের পর রামলীলা ময়দানের সমাবেশে সিজেপি-র প্রতিনিধিরা সশরীরে উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। এর আগেও নিট জালিয়াতি নিয়ে সিজেপি-র অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানিয়েছিলেন এবং সিজেপি সদস্যদের গ্রেপ্তারির সময়ও তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী।