পুবের কলম ওয়েবডেস্ক, নারী কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটিতে জায়গা দিল দল। মামলায় খালাস পাওয়ার প্রায় তিন মাসের মাথায় বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটিতে তার অন্তর্ভুক্তি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই কমিটি গঠন করেছে বিজেপি।
আরও পড়ুন:
গত ২৬ অক্টোবর উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী ৭১২ সদস্যের নতুন রাজ্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
এর মধ্যে ৫৪৮ জন নিয়মিত সদস্য, ১৩৪ জন বিশেষ আমন্ত্রিত এবং ৩০ জন স্থায়ী আমন্ত্রিত সদস্য। ছ’বারের সাংসদ ব্রিজভূষণ এই প্রথম রাজ্য কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেলেন। তার নিজের জেলা গোন্ডা থেকে আরও ছ’জন বিজেপি নেতাও কমিটিতে রয়েছেন।আরও পড়ুন:
উল্লেখ্য যে, তিন বছর আগে ছ’জন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন সুবিধা চাওয়া, শ্লীলতাহানি ও ভয় দেখানোর অভিযোগ আনেন।
প্রতিবাদে আন্দোলনে নামেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ও বিশ্বচ্যাম্পিয়ন বিনেশ ফোগাট-সহ কুস্তিগিরেরা। আন্দোলন দমনে পুলিশের পদক্ষেপও বিতর্ক তৈরি করেছিল। অভিযোগের জেরে ডব্লিউএফআই সভাপতির পদ ছাড়তে বাধ্য হন ব্রিজভূষণ।আরও পড়ুন:
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি বিজেপি।
কৈসরগঞ্জ কেন্দ্র থেকে তার ছেলে করণভূষণ সিংকে প্রার্থী করা হয়। করণ সেই নির্বাচনে জয়ী হন। গত ৩ অগস্ট দিল্লির আদালত ব্রিজভূষণকে মুক্তি দেয়। তবে চার মহিলা কুস্তিগির সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেছেন। ২৮ অক্টোবর দিল্লির আদালত ব্রিজভূষণকে ওই আবেদনের জবাব দিতে এক সপ্তাহ সময় দিয়েছে। এদিকে, ঘনিষ্ঠ এক সহযোগীর দাবি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি পেলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে চান ব্রিজভূষণ।