পুবের কলম, ওয়েবডেস্ক: ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সহ-আহ্বায়ক তথা সাংবাদিক সৌরভ দাসের জাতীয়তা, নাগরিকত্ব এবং পরিচয়পত্র নিয়ে বিস্তারিত তদন্তের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্র সরকারসহ একাধিক পক্ষকে নোটিশ জারি করল মাদ্রাজ হাই কোর্ট। সৌরভ দাস যদি নেপালি নাগরিক প্রমাণিত হন, তবে তাঁর ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড বাতিল করার আর্জি জানানো হয়েছে ওই মামলায়।
শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং বিচারপতি জি আরুল মুরুগানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মামলাটির প্রাথমিক শুনানি গ্রহণ করে। শুনানির পর আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং আধার নিয়ন্ত্রণকারী সংস্থা ইউআইডিএআই-সহ সংশ্লিষ্ট একাধিক পক্ষকে তাদের জবাব পেশ করার নির্দেশ দিয়েছে।
জমিন পাল্লাভরমের বাসিন্দা আর গণেশ কুমার নামে এক ব্যক্তি এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন।
মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় সৌরভ দাস, কেন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্য বেসরকারি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলিকে তাদের লিখিত প্রতিক্রিয়া জানানোর জন্য নোটিশ জারি করেছে। আদালত জানিয়েছে, সমস্ত পক্ষের জবাব পাওয়ার পর আগামী ৬ সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানির জন্য গ্রহণ করা হবে।