পুবের কলম ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। এর মাঝেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আশ্বস্ত করে জানিয়েছে যে, বাংলায় এই নতুন নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শনিবার থেকে রাজ্যের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে এবং বৃষ্টির সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে কমবে।


শনিবার সকাল থেকেই কলকাতায় পরিষ্কার আকাশ এবং রোদের দেখা মিলেছে। এদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী সপ্তাহে শহরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে, যার ফলে কলকাতায় কিছুটা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও আবহাওয়া মূলত রৌদ্রোজ্জ্বল থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম। তবে উপকূলবর্তী কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী সপ্তাহে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারও কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, তবে তার তীব্রতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।