পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীর রাজনীতিতে বড় ধাক্কা। ন্যাশনাল কনফারেন্স (এনসি) থেকে পদত্যাগ এবং লোকসভার সাংসদ পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শ্রীনগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। আগামী ৩ নভেম্বর নিজের মরহুম পিতার মৃত্যুবার্ষিকীর দিনে তিনি দল ও সংসদ—উভয় স্থান থেকেই ইস্তফা দেবেন বলে জানিয়েছেন তিনি। এক্স-এ এক বার্তায় তাঁর দফতর থেকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর নাম না নিয়ে তাঁর ও দলীয় নেতৃত্বের কঠোর সমালোচনা করে রুহুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।আরও পড়ুন:
দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অত্যন্ত কড়া ভাষায় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও তাঁর ঘনিষ্ঠ শিবিরকে নিশানা করেন রুহুল্লাহ। তিনি বলেন, "রাজকুমার এবং তাঁর অনুগামীরা জম্মু ও কাশ্মীরকে বংশানুক্রমিকভাবে পাওয়া পারিবারিক সম্পত্তি মনে করেন। তারা চান মানুষ শুধু ভোট দিক, তারপর নিজেদের সীমার মধ্যে চুপ করে থাকুক।
"আরও পড়ুন:
তিনি আরও বলেন, "ভাঙা প্রতিশ্রুতি আর রাজনৈতিক বাধ্যবাধকতার তফাত আমরা বুঝি না—এমনটা ভেবে আমাদের বোকা বানানো হচ্ছে। নিজেদের ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ করতে বললেই তারা আমাদের রিয়েলপলিটিক্স বা বাস্তব রাজনীতির জ্ঞান শেখান। আমরা ৩৭০ ধারা পুনর্বহাল, বন্দিদের মুক্তি এবং আমাদের অধিকার রক্ষার দাবি জানিয়েছিলাম। এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতা নেওয়া হয়েছিল, অথচ এখন আশা করাটাই যেন অপরাধ।"
আরও পড়ুন:
নিজের পদত্যাগের কারণ স্পষ্ট করে রুহুল্লাহর দফতর জানিয়েছে, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের সহযোগী না হয়ে তিনি সম্মানজনকভাবে নিজের আসন ও দল ত্যাগ করাকেই শ্রেয় মনে করেছেন।