পুবের কলম ওয়েব ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে আরও দ্রুততা এবং স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপের কথা ভাবছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই নতুন পরিকল্পনার মূল লক্ষ্য হলো, পরীক্ষার পর দ্রুত ফল প্রকাশ করা, যাতে নির্ধারিত সময়ের আগেই একাদশ শ্রেণির ক্লাস শুরু করা যায়।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, খাতা দেখার প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আনতে প্রবীণ শিক্ষকদের পাশাপাশি নবীন শিক্ষকদের ওপর বেশি দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে একজন পরীক্ষককে আগের তুলনায় বেশি খাতা দেখতে হতে পারে।
সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে চলেছে রিভিউ বা উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে। পর্ষদ সূত্রে খবর, কোনো পরীক্ষার্থীর খাতা রিভিউ করার পর যদি ১০ বা তার বেশি নম্বর বাড়ে, তবে সংশ্লিষ্ট পরীক্ষক এবং প্রধান পরীক্ষককে ডেকে তার কারণ জানতে চাওয়া হতে পারে। এমনকি প্রয়োজনে তাঁদের সতর্কও করা হতে পারে।
এই নতুন উদ্যোগকে স্বাগত জানালেও, শিক্ষক সংগঠনগুলির প্রতিনিধিরা আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই নতুন নিয়মের ফলে শিক্ষকদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে পর্ষদ সভাপতি লালু দাস জানিয়েছেন, পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি পর্ষদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই একটি স্বচ্ছ ও নির্ভুল ফল প্রকাশ দ্রুত সম্পন্ন করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।