পুবের কলম ওয়েব ডেস্ক: এই প্রথম! পশ্চিমবঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের শ্রমিক সংগঠনের পথচলা শুরু করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার কলকাতা বিমানবন্দরে ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’ নামের এই সংগঠনের উদ্বোধন করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনীল বনসাল বলেন, "কলকাতা বিমানবন্দর থেকে আমাদের শ্রমিক সংগঠনের সূচনা হলো। এই ট্রেড ইউনিয়নকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে চালাতে হবে। আগামী দিনে অন্যান্য রাজ্যেও এই ধরনের শ্রমিক সংগঠন গড়ে তোলা হবে।" রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নতুন এই সংগঠনের সাফল্য কামনা করে জানান, এর মূল লক্ষ্য হবে শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের দাবিদাওয়া ও সমস্যাগুলো সাংগঠনিক স্তরে তুলে ধরা।
এতদিন পর্যন্ত বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছায়াতেই কাজ করে এসেছে। যদিও ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) নামে একটি শ্রমিক সংগঠন রয়েছে, কিন্তু সেটি মূলত আরএসএস-এর অধীনে পরিচালিত হয়। এবার বিজেপির এই নিজস্ব শ্রমিক সংগঠন তৈরির সিদ্ধান্তে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, বিজেপি কি এবার আরএসএস-এর প্রভাব থেকে বেরিয়ে সম্পূর্ণ নিজস্ব এবং স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চাইছে?
বছর কয়েক আগে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মন্তব্য করেছিলেন, বিজেপি এখন স্বয়ংসম্পূর্ণ এবং কারও সাহায্যের মুখাপেক্ষী নয়। তাঁর সেই মন্তব্যের রেশ ধরেই এবার বাংলায় এই শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশ বলে মনে করছেন অনেকে। এর ফলে বিএমএস-এর ভবিষ্যৎ কী হবে বা ভবিষ্যতে বিজেপি নিজেদের আলাদা ছাত্র সংগঠনও গড়ে তুলবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।