বিপুল শঙ্কর বসু,রায়গঞ্জ,উত্তর দিনাজপুর : কর্মক্ষেত্র থেকে এক তরুণী অপহরণের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বারোগন্ডা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজিত জনতা বিজেপি নেতা তথা স্থানীয় মণ্ডল সভাপতি গৌরাঙ্গ হালদারকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং একপর্যায়ে তাঁকে আটকে রাখে।

জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর থেকে ওই তরুণী নিখোঁজ।

তিনি নার্সিংয়ের প্রশিক্ষণ নিতে হোস্টেলে থাকতেন। পরিবারের দাবি, ছুটি শেষে বাড়ি ফেরার পথে শেষবার তাঁর সঙ্গে কথা হয়েছিল। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও এখনও মেয়ের সন্ধান না মেলায় ক্ষোভে ফুঁসছে পরিবার।
তাঁদের একটাই দাবি, অক্ষত অবস্থায় দ্রুত বাড়ি ফিরে আসুক তরুণী।

নিখোঁজ তরুণীর বাবার অভিযোগ, এই ঘটনায় বিজেপি নেতা গৌরাঙ্গ হালদারের নাতি জড়িত এবং গোটা বিষয়টি তিনি জানেন। রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ যথাযথ পদক্ষেপ করছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি।

পরিবারের এই অভিযোগকে কেন্দ্র করেই শনিবার বারোগন্ডা এলাকায় উত্তেজনা ছড়ায়।

স্থানীয় বাসিন্দারা গৌরাঙ্গ হালদারকে ঘিরে বিক্ষোভ দেখান এবং তরুণীর সন্ধান ও ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হন।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা গৌরাঙ্গ হালদার। তাঁর দাবি, তরুণীর নিখোঁজ হওয়া বা অপহরণের বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রয়োজনে প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক বলেও জানিয়েছেন তিনি।

অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম বারোগন্ডা এলাকা। পরিবারের একটাই অপেক্ষা—নিখোঁজ তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে আনুক পুলিশ। ঘটনার প্রকৃত সত্য জানতে এখন তদন্তের দিকেই তাকিয়ে সকলে।