পুবের কলম, লখনউ: উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচনের সাম্প্রতিক ফলাফলকে 'কেবল শুরু' হিসেবে বর্ণনা করে শাসক দল বিজেপিকে তীব্র নিশানা করলেন সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব। গ্র্যাজুয়েট ও শিক্ষক সমষ্টির ১১টি আসনের মধ্যে ৫টি আসনে সমাজবাদী পার্টির বড় জয়ের পর শুক্রবার তিনি দাবি করেন, বিজেপি এখন একটি 'ফ্লপ শো'-তে পরিণত হয়েছে এবং এই রায় ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের সোপান তৈরি করে দিল।
আরও পড়ুন:
লখনউয়ে পার্টির নবনির্বাচিত পরিষদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, বিজেপি কেবল ৫টি আসনে হারেনি, বরং রাজ্যের অন্তত ৫০টি জেলা ও শহরের শিক্ষিত মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন:
১১টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে মূলত গ্র্যাজুয়েট ও শিক্ষকরাই ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।
চূড়ান্ত ফল অনুযায়ী বিজেপি ৬টি এবং সমাজবাদী পার্টি ৫টি আসনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব সংসদীয় ক্ষেত্র বারাণসীর ফলাফলের ওপর বিশেষ জোর দিয়ে অখিলেশ বলেন, বারাণসীতে প্রথম গণনার পাশাপাশি পুনরায় গণনার পর দুটি আসনেই হেরেছে বিজেপি। তিনি অভিযোগ করেন, "বিজেপি যে ৬টি আসনে জিতেছে, তা প্রতারণা ও ষড়যন্ত্রের মাধ্যমে। শাসক দল যেখানে অর্থবল ব্যবহার করে, আমরা সেখানে সাধারণ মানুষের 'জনবল' দিয়ে লড়াই করেছি।"আরও পড়ুন:
এক্স-এ অখিলেশ যাদব এই রায়কে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ডাবল হার বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, তাঁদের যে প্রার্থীরা শংসাপত্র পাননি, তাঁরাও নৈতিকভাবে বিজয়ী কারণ তাঁরা প্রহসনের বিরুদ্ধে লড়াই করেছেন। এই জয়কে রাজ্য ও কেন্দ্রের শিক্ষা ও কর্মসংস্থান নীতির বিরুদ্ধে শিক্ষিত যুব সম্প্রদায় ও শিক্ষকদের সুস্পষ্ট রায় হিসেবে উল্লেখ করে সপা প্রধান বলেন, যুবকরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে কটাক্ষ করে অখিলেশ বলেন, বিজেপি দলে এখন প্রার্থীর অভাব দেখা দিয়েছে এবং তারা দূরবীন দিয়ে প্রার্থী খুঁজছে।