পুবের কলম, শ্রীনগর: জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই বিয়ের সুখবরটি প্রকাশ্যে এনেছেন ৫৬ বছর বয়সি ওমর আব্দুল্লাহ। মুখ্যমন্ত্রী লেখেন, "গতকাল থেকে একটি নতুন যাত্রা শুরু হলো..." এবং তার সাথে সাংবাদিক নিধি রাজদানকে ট্যাগ করেন। নিজের এক্স হ্যান্ডেলে নবদম্পতির চারটি সুন্দর ছবিও জুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে পেশাগত জীবনের গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শুরু করার পর থেকেই রাজনৈতিক ও সাংবাদিকতা মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

সূত্রের খবর, গত শুক্রবার বিশেষ বিবাহ আইন-এর অধীনে তাঁদের এই বিবাহ সম্পন্ন হয়েছে। জম্মু-কাশ্মীর ও নয়াদিল্লিতে আয়োজিত এই বিবাহানুষ্ঠান ও উদযাপনে উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। শ্রীনগর ও দিল্লির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমর আব্দুল্লাহর বাবা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও মা মলি আব্দুল্লাহ, তাঁর তিন বোনসহ পরিবারের অন্যান্য ঘনিষ্ট সদস্যরা। পাশাপাশি ৪৯ বছর বয়সি নিধি রাজদানের বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ জানান। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে ওমর আব্দুল্লাহর প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। অন্যদিকে, প্রবীণ সাংবাদিক নিধি রাজদানের এটি দ্বিতীয় বিবাহ।